প্রিন্ট এর তারিখঃ May 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2026 ইং
নারায়ণগঞ্জের কেউঢালা বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেউঢালা বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (১৫ মে) বেলা ১১টার দিকে স্থানীয়রা এ মানববন্ধনে অংশ নেন।
এসময় বক্তারা জানান, এটি একটি শিল্পাঞ্চল হওয়ায় প্রতিনিয়ত এখানে বহু মানুষের সমাগম ঘটে। পাশেই শিক্ষা প্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানা থাকায় প্রতিদিন শিক্ষার্থী ও শ্রমিকদের সড়ক পারাপার হতে হয়। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এছাড়া প্রায় ২০টি গ্রামের মানুষ প্রতিদিন এই সড়ক পার হয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ শহরে যাতায়াত করেন। সড়কটিতে যানবাহনের ব্যাপক চাপ থাকায় স্কুলগামী শিশুদের পারাপারে সবসময় ঝুঁকি থাকে।
মানববন্ধনের আয়োজক মো. আল আমিন দেওয়ান বলেন, “সড়কে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। সন্তানদের স্কুলে পাঠিয়ে আমাদের দুশ্চিন্তায় থাকতে হয়। স্থানটি বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। আমরা দ্রুত এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।”
এর আগে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন স্থানীয় সমাজসেবক মিনহাজ ভূঁইয়া।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালামের ছেলে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কায়সার আশা। তিনি ফুটওভার ব্রিজ নির্মাণে স্থানীয়দের সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া, ব্যবসায়ী হানিফ, মহিলা মেম্বার সাজেদা বেগম, ডা. শাহজালাল মোহসিন প্রধান, হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
Copyright Kaler Probaho